
ব্রাহ্মণবাড়িয়ায় র্যাবের ৯ সদস্যের বিরুদ্ধে ‘শাহনূর হত্যা’ মামলা নিতে নির্দেশ দেওয়া বিচারক নাজমুন নাহারকে প্রত্যাহার করার আদেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশতাক আহম্মেদ সাহদানী এ আদেশ দেন। আগামী ৮ জুন থেকে এ আদেশ কার্যকর হবে বলে এক পত্রে উল্লেখ করা হয়েছে। কালের কণ্ঠের কাছে ওই চিঠির একটি কপি রয়েছে।
এর আগে র্যাব সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া ‘হত্যার’ অভিযোগ আমলে নিয়ে মামলা হিসেবে রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন নবীনগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার। গত বুধবার এ আদেশ দেওয়ার এক দিন পর তিনি প্রত্যাহৃত হলেন।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত ওই পত্রে লেখা হয়েছে, ‘সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাইতেছে যে, অত্র জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমলি আদালত থেকে প্রত্যাহার করা হইল। জনস্বার্থে এ আদেশ জারি করা হইল।’ জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোর্ট ইন্সপেক্টর বরাবর এ আদেশের অনুলিপি দেওয়া হয়েছে।
এদিকে মামলা নেওয়া ও তদন্তের নির্দেশের বিরুদ্ধে র্যাব সদস্যরা আপিল করার প্রস্তুতি নিচ্ছেন বলে একটি সূত্র জানিয়েছে। গতকাল র্যাবের একটি দল এ বিষয়ে পদক্ষেপ নিতে ব্রাহ্মণবাড়িয়া আদালত এলাকায় আসে। তবে আপিল করেছে কি না, সে বিষয়টি শেষ পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
এ প্রসঙ্গে ‘হত্যাকাণ্ডের’ শিকার শাহনূর আলমের প্রধান আইনজীবী মো. খায়রুল আলম সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, র্যাবের বিরুদ্ধে আদেশ দেওয়ার কারণেই ওই বিচারকের আমলি ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এ আদেশের একটি কপি আমার কাছে আছে।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. সারোয়ার আলম গতকাল রাতে মোবাইল ফোনে কালের কণ্ঠকে বলেন, ‘সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারকে প্রত্যাহার করার একটি আদেশ আজ (গতকাল) আমরা পেয়েছি। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এ আদেশ দিয়েছেন।’
প্রসঙ্গত, গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত এক আদেশে শাহনূরকে হত্যা করা হয়েছে- এ অভিযোগ মামলা হিসেবে নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নবীনগর থানার ওসিকে নির্দেশ দেন। গত রবিবার র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর এ কে এম সাকিব সিদ্দিকিসহ ৯ সদস্যের বিরুদ্ধে ওই আদালতে হত্যার অভিযোগ আনেন নবীনগর উপজেলার বগডহর গ্রামের শাহনূর আলমের ভাই মো. মেহেদী হাসান।