
রিকসায় যাচ্ছেন আর হুট করে পাশ থেকে মটরসাইকেল এসে ব্যাগ টেনে নিয়ে যাওয়ার ঘটনা এখন দিব্যি ঘটছে। কিন্তু যদি এমন হয়? মোটরাসাইকেল আসল রিকসার পাশে, রিকসার যাত্রী বুঝতে পেরে মারল এক ঘুষি, পড়তে পড়তেও পড়ল না বাইক !! একপর্যায়ে ব্যাগ টেনে নিলেন ছিনতাইকারী, হুড়মুড় করে চেইন খুলে বের করে নিলেন ল্যাপটপ, ব্যাগ ফেরত দিয়ে গেলেন রিকসার আরোহীকে। পুরো ঘটনাটা ঘটে গেছে চোখের পলকে, বনানী চেয়ারম্যান বাড়িতে গতকাল রাতে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মালোবিকা দিপান্বিতা রায় গতকাল রাতে স্টুডিওতে কাজ শেষে কাকলীর উদ্দেশ্যে রিকসায় ওঠে। রাত তখন দশটা প্রায়। রিকসা বনানী চেয়ারম্যান বাড়িতে আসার পরপরই একটা কালো রঙের মটরসাইকেল পাশে এসে তার ব্যাগ টান দেওয়ার চেষ্টা করে, উদ্দেশ্য বুঝতে পেরে মালোবিকা ঘুষি দিয়ে বসে ছিনতাইকারীকে। এতে মটরসাইকেল কিছুটা দূরে সরে গেলেও চালকের দক্ষতায় দূর্ঘটনার কবল থেকে রেহাই পায়। ঘটনার আকস্মিকতায় ছিনতাইকারী মালোবিকার হাতে থাকা অবস্থাতেই ব্যাগের চেইন খুলে ল্যাপটপ বের করে নেয়। কিছু বুঝে ওঠার আগেই মটরসাইকেলটি দ্রুতগতিতে চলে যায় কাকলীর দিকে। উল্লেখ্য, গত কয়েকদিনে ঢাকায় এ ধরনের ছিনতাই এর পরিমান বেড়েছে। পুলিশ টহল জোরদার করা হলেও তার কোনও কার্যত ফলাফল চোখে পড়েনি। এ ব্যাপারে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি চক্র এতে লিপ্ত রয়েছে, কিন্তু এক এক সময় এক এক এলাকাতে এ ধরনের কাজ করায় তাদেরকে আনা যাচ্ছে না আইনের আওতায়। ভুক্তভোগির সাথে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। জানা যায়নি এ ব্যাপারে আদৌ কোনও মামলা বা সাধারণ ডায়েরী হয়েছে কি না।