
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস ইজারা দেওয়া বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহনে জটিলতা নিরসনের জন্য অনুষ্ঠিত সভা শেষে যোগাযোগমন্ত্রী এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ইজারা দেওয়ার কারণে বাসের রক্ষণাবেক্ষণ ঠিক মতো হয় না। বেসরকারি পরিবহন মালিকদের সঙ্গে সমস্যার সৃষ্টি হয়। বেসরকারি খাতের মালিক-শ্রমিকদের সঙ্গে বসে সমস্যা সমাধান করা হবে বলেও জানান তিনি। রাজশাহী ও ময়মনসিংহের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সভায় আলোচনার পর পরিবহন মালিক-শ্রমিক নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান যোগাযোগমন্ত্রী। মহাসড়কে পুলিশের চাঁদাবাজিসহ নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি অননুমোদিত গাড়ির চলাচল বন্ধসহ ছয় দফা দাবিতে গত ২৫ মে উত্তরাঞ্চলের ১৬টি জেলায় পরিবহন ধর্মঘট ডাকে মালিক-শ্রমিকরা।
অপরদিকে একই সময়ে ঢাকা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সাত দফা দাবিতে ময়মনসিংহের কয়েকটি জেলাতেও পরিবহন ধর্মঘট শুরু হয়। দাবিগুলোর মধ্যে ছিল, নেত্রকোনা জেলায় পরিবহন মালিক-শ্রমিকদের ওপর আনসার সদস্যদের গুলি করার প্রতিবাদে নেত্রকোনা জেলা প্রশাসক আবুল কালামকে প্রত্যাহার ও হাইওয়ে সড়কে রুট পারমিটবিহীন অবৈধ সিএনজি, অটোরিকশা, ইজিবাইকসহ ছোট যান চলাচল বন্ধ করা।
এরপর ২৭ জুন সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পরিবহন মালিক ও শ্রমিক নেতারা ধর্মঘট স্থগিত করার কথা জানান। দাবি-দাওয়া পূরণের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে যোগাযোগমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ও পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসবেন বলেও তখন জানানো হয়।
আজ বৃহস্পতিবার ওবায়দুল কাদের বলেন, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে অননুমোদিত যানবাহন বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। নসিমন, করিমন, ভটভটি, লাইসেন্সবিহীন সিএনজি বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। নসিমন, করিমন, ভটভটির যন্ত্রাংশ বিদেশ থেকে আমদানি রোধে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।