নাটোরের নলডাঙ্গায় বিএনপি কর্মীদের হামলায় নিহত আওয়ামী লীগ কর্মী আদিবাসী লক্ষন এক্কা হত্যা মামলার প্রধান আসামি আতিকুল ইসলাম লালুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে উপজেলার মোমিনপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, ১৮ দলীয় জোটের ডাকা তিনদিনের হরতালের আগের দিন (২৬ অক্টোবর-‘১৩) হরতাল সফল করার লক্ষে বিএনপি কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা লক্ষন এক্কার বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ভাঙচুর করে। এসময় লক্ষন এক্কাকে পিটিয়ে এবং তার ছেলে মাতুরাম এক্কাকে কুপিয়ে আহত করে। আহত লক্ষন এক্কাকে প্রথমে সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ অক্টোবর রাতে তিনি মারা যান। এ ঘটনায় তার ছেলে মাতুরাম এক্কা বাদী হয়ে আতিকুল ইসলাম লালুর নামসহ ৪৯ জনকে অভিযুক্ত করে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার প্রেক্ষিতে বুধবার রাতে আতিকুল ইসলাম লালুকে গ্রেপ্তার করা হয়।