ডেস্ক নিউজ :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বৃত্তিহীন ও অসহায় নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে গোপালপুর উপজেলার সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একইসঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু। গোপালপুর উপজেলায় ঝাওয়াইল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৬৩৩ জন দরিদ্র নারী এ কার্ডের আওতাভুক্ত হন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. তৌহিদুল ইসলাম, টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. একলাছ মিয়া, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, যুবদল নেতা সাইফুল ইসলাম তালুকদার লেলিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের মাধ্যমে দেশের অসহায় ও নিম্নআয়ের পরিবারগুলোকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।