মার্কিন মুলুকের সঙ্গে নরেন্দ্র মোদির সম্পর্কের বরফ গলে একেবারে তরল রূপ নিয়েছে। গতকাল ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আগামী সেপ্টেম্বর মাসেই দেশটির নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। অতীত বৈরিতা ভুলে মার্কিন-নিমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন মোদি। শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ করা মোদির একটা চমক ছিল। তার চেয়েও বড় চমক হিসেবে দেখা হচ্ছে মোদির মার্কিন সফরকে। নরেন্দ্র মোদি গত লোকসভা নির্বাচনে বিপুল জয়লাভ করার পর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন। তা নিয়ে এতদিন কোনও রা শোনা না গেলেও গতকাল একবারে সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। সূত্রের বরাত দিয়ে প্রকাশিত সংবাদে বলা হয়, হোয়াইট হাউসের পক্ষ থেকে সেপ্টেম্বরে নরেন্দ্র মোদিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। মোদি তা গ্রহণ করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে মোদি-ওবামার বৈঠকের সম্ভাব্য দিন ৩০ সেপ্টেম্বর প্রস্তাব করা হয়, তবে মোদির কার্যালয় থেকে ২৬ সেপ্টেম্বরের কথা বলা হয়। বৈঠকে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুগুলো প্রাধান্য পাবে। এছাড়া সন্ত্রাস নিয়ন্ত্রণসহ বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোও এ দুই শীর্ষনেতার আলোচনায় স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, ২০০২ সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গায় মোদির জড়িত থাকার অভিযোগে ২০০৫ সালে মার্কিন সরকার মোদির ভিসা বাতিল করে দেয়। ওই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। বাংলাদেশে নয়, প্রথম সফর ভুটানে বাংলাদেশকে নয়, ভারতের নব নির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে প্রতিবেশী ভুটানকে বেছে নিয়েছেন। মোদির প্রথম রাষ্ট্রীয় সফরতালিকায় প্রতিবেশী বাংলাদেশ, ভুটান ও নেপালের নাম এসেছিল। এ ক্ষেত্রে বাংলাদেশ ছিল তালিকার শীর্ষে। কিন্তু বাংলাদেশের সঙ্গে ঝুলে থাকা স্থল সীমান্তচুক্তি ও তিস্তার পানি বন্টন চুক্তির ব্যাপারে তার সরকার এখনও কোনও সিদ্ধান্ত না নেওয়ায় এবং এসব চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ও আসামের রাজ্য বিজেপির নেতাদের আপত্তি থাকায় শেষ পর্যন্ত ঢাকার বিপরীতে ভুটানকেই বেছে নেওয়া হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩