নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে যৌনহয়রানির অভিযোগে মোসলেম উদ্দিন (৩৮) নামে এক ব্যক্তির এক বছরের বিনাশ্রম সাজা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান ভ্রাম্যমান আদালতে ওই সাজা প্রদান করেন। বৃহস্পতিবার সাজাপ্রাপ্ততে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ওই ছাত্রী স্কুল ছুটির পর নিজবাড়ি ফিরছিল। পথে একা পেয়ে ছিটরাজিব গ্রামের হোসেন আলীর ছেলে মোসলেম উদ্দিন ছাত্রীর পথ রোধ করে জোরপূর্বক একটি ভুট্টা ক্ষেতে নিয়ে যৌন হয়রানির চেষ্টা চালায়। এ সময় ছাত্রীর চিৎকারে পথচারী ও এলাকাবাসি এগিয়ে এসে তাকে (ছাত্রী) উদ্ধার ও মোসলেম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। সন্ধ্যায় আটককৃতকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন মোসলেম উদ্দীনকে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, সাজাপ্রাপ্ত মোসলেম উদ্দিনকে বৃহস্পতিবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ৫০৯ ধারায় মোসলেম উদ্দীনকে ওই সাজা প্রদান করা হয়।
সম্পাদক : অধ্যাপক জয়নাল আবেদীন | নির্বাহী সম্পাদক : কে এম মিঠু
প্রকাশক কার্যালয় : বেবি ল্যান্ড, বাজার রোড গোপালপুর, টাঙ্গাইল -১৯৯০, বাংলাদেশ।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত - ২০১৯-২০২৩